জম্মু ও কাশ্মীরের কুলগামে মীর বাজারে একটি CRPF আউটপোস্টে হামলা চালাল তিন সন্ত্রাসবাদী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা বাইকে চড়ে এসে ওই পোস্টে গুলি চালায়। শ্রীনগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় বেলা সোয়া দুটো নাগাদ এই ঘটনাটি ঘটে।
এই হামলায় তিন জওয়ান আহত হয়েছেন, যাদের দ্রুত ২২ কিলোমিটার দূরে অনন্তনাগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের পরিস্থিতি অত্যন্ত গুরুতর; তাঁর পিঠে ও পেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সাঁজোয়া গাড়িতে টহল দিচ্ছে সুরক্ষা বাহিনী। হামলার ধরন বুঝতে এলাকার সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ফুটেজে দেখা গিয়েছে, সংলগ্ন কিছু দোকানের জিনিসপত্র ছিটকে পড়ে রয়েছে। পীর পঞ্জল পর্বশ্রেণির কাছে অবস্থিত এই আউটপোস্টটি রামবন, রেয়াসি এবং রাজৌরির সঙ্গে কুলগামকে সংযুক্তকারী রাস্তার ওপর অবস্থিত। উল্লেখ্য, গত ৩১ জুলাই কুলগামে ছত্তিশগড়ের দুই শ্রমিককে হত্যা করা হয়েছিল।







