আবাস প্রকল্পের টাকা ফেরত না দিলে অযোগ্য প্রাপকদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে কুলপি ব্লক প্রশাসন। এই ব্লকের প্রায় ৮০০ জন অযোগ্য উপভোক্তাকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার ব্লকের আধিকারিকরা তাঁদের বাড়িতে চিঠি পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। প্রশাসন জানিয়েছে, দুবার চিঠি পাঠানোর পরেও টাকা ফেরত না মিললে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, কুলপির প্রায় ১৮ হাজার উপভোক্তার মধ্যে ৮০০ জন অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। এদের মধ্যে কেউ ভালো চাকরি করেন অথবা তাঁদের দোতলা বাড়ি রয়েছে। অভিযোগ, অনেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই প্রকল্পের টাকা নিয়েছিলেন। মৌখিকভাবে জানানো সত্ত্বেও তাঁরা টাকা ফেরত দিতে রাজি হননি। তবে আলোচনার পর সাতজন টাকা ফেরত দিয়েছেন, বাকিদের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, ফলতায় বিশ্ব শৌচালয় দিবসের অনুষ্ঠানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অযোগ্য প্রাপকদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও থানায় অভিযোগ করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, রাজ্যের সাড়ে ১২ হাজার অযোগ্য প্রাপকের মধ্যে মাত্র ১২৫০ জন টাকা ফিরিয়েছেন। বাকিদের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তা না হলে এফআইআর করা হবে। পাশাপাশি, বাড়ি পাওয়ার জন্য কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, কেউ টাকা চাইলে অবিলম্বে থানায় খবর দিতে হবে।







