দেশভাগের ৭৯ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক গুরুদ্বার ‘ছেভি পাতশাহি শ্রী হরগোবিন্দ সাহিব’ সাধারণ পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শহরের টেম্পল রোডে অবস্থিত এই গুরুদ্বারটি সম্প্রতি সংস্কারকাজের মাধ্যমে নতুন রূপ পেয়েছে। রবিবার ধর্মীয় রীতি মেনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার পরেই গুরুদ্বারটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন শিখ সম্প্রদায়ের বহু মানুষ এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু মন্ত্রী।
পাকিস্তানের শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি রমেশ অরোরা জানান, ঐতিহাসিক গুরুদ্বারটির সংস্কারকাজ সম্পূর্ণ হয়েছে। এর ফলে এখন থেকে শিখ সম্প্রদায়ের মানুষ সহজেই এখানে প্রার্থনা করতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন যে, পাকিস্তানে বর্তমানে আরও ৫০টি গুরুদ্বার সংস্কারের কাজ চলমান রয়েছে।







