অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে দুর্গাপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে বড় আশ্বাস দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই। তাঁর দাবি, আগামী বছরের জানুয়ারি মাস থেকেই বঞ্চিত উপভোক্তারা এই যোজনার টাকা পেতে শুরু করবেন।
শনিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত একটি সভায় বহু মহিলা উপস্থিত ছিলেন। তাঁদের অভিযোগ, সমস্ত নথিপত্র সঠিক থাকা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। বিডিও অফিস এবং মহকুমা শাসকের দপ্তরে বারবার ঘুরেও কোনো সমাধান মেলেনি। এই সমস্যার সমাধানে বিধায়ক জানান, ডিসেম্বর মাসে প্রতিটি ওয়ার্ডে বিশেষ ক্যাম্প করা হবে। সেখানে বিধায়ক এবং সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন। যাঁদের নথিপত্রে ভুল রয়েছে, তা সংশোধন করে দেওয়া হবে এবং জানুয়ারি থেকে টাকা পাওয়া যাবে।
পাশাপাশি, দুর্গাপুর শিল্পাঞ্চলে রাতে গণপরিবহনের অভাবের কথা উল্লেখ করে বিধায়ক জানান, রেল স্টেশন বা এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার সময় সাধারণ মানুষকে মোটা টাকা খরচ করে গাড়ি ভাড়া করতে হয়। এই যাত্রী দুর্ভোগ মেটাতে শিল্পাঞ্চলে নাইট বাস পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।







