জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য লতিফ ভাট। তিনি একটি মসজিদের ভেতরে লুকিয়ে ছিলেন। সেনা ও পুলিশের তরফে ভিডিও কল এবং মসজিদের বাইরে মাইক ব্যবহারের মাধ্যমে তাঁকে বারবার আত্মসমর্পণের অনুরোধ জানানো হয়। কুলগামের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আনায়াত আলি নিজে কথা বলে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। তবে সমস্ত আবেদন প্রত্যাখ্যান করে মঙ্গলবার গভীর রাত প্রায় ২টো ৪৫ মিনিট নাগাদ সেনাকে লক্ষ্য করে গুলি চালায় ওই জঙ্গি। নিরাপত্তাবাহিনী পাল্টা জবাব দিলে সংঘর্ষে তার মৃত্যু হয়।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধর্মীয় স্থানটির যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে নজর রেখে অভিযানে চরম সংযম বজায় রেখেছিল নিরাপত্তাবাহিনী। এর আগে গত সোমবার কুলগামেই সেনার সঙ্গে এনকাউন্টারে লতিফের সহযোগী উমর নিসার দার নিহত হয়েছিল। তারপর থেকেই পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান জোরদার করা হয় এবং তদন্তের স্বার্থে পাঁচ শতাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
তদন্তে উঠে এসেছে, গত ১১ নভেম্বর আখন এলাকায় সিআরপিএফ চেকপোস্টে যে হামলা চালানো হয়েছিল, লতিফ সেই ঘটনার অন্যতম অভিযুক্ত ছিল। ওই হামলায় তিনজন সিআরপিএফ সদস্য জখম হন। হামলার ঠিক আগের দিন, ১০ নভেম্বর মীর বাজার, আখন, হাবলিশ এবং কিলাম অঞ্চলে লতিফ ও তার সঙ্গীর গতিবিধি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। নিরাপত্তাবাহিনীকে নিশানা করার উদ্দেশ্যেই তারা ওই রেকি চালিয়েছিল বলে পুলিশের দাবি।







