লাটাগুড়িতে বনদফতরের তৎপরতায় ভেস্তে গেল বেআইনি বার্মা সেগুন কাঠ পাচারের ছক। গোপন খবরের ভিত্তিতে এগারো কিলোমিটার ধাওয়া করে প্রায় চল্লিশ লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করেছেন ফরেস্ট রেঞ্জাররা। এই ঘটনায় জড়িত সন্দেহে সন্দীপ সিং নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, অসম থেকে চোরাই বার্মা সেগুন কাঠ উত্তরপ্রদেশে পাচার করা হচ্ছিল। সেই খবর পেতেই লাটাগুড়ির ফরেস্ট রেঞ্জাররা ঝাঝাঙ্গি এলাকায় পৌঁছন। সেখানে সন্দেহজনক একটি ছয় চাকার ট্রাককে আটকাতে গেলে গাড়িটি পালানোর চেষ্টা করে। এর পরই বনকর্মীরা গাড়িটির পিছু নেন এবং প্রায় ১১ কিলোমিটার ধাওয়া করে উল্লাডাবাড়ি এলাকার জাতীয় সড়কে ট্রাকটিকে আটকে ফেলেন।
তল্লাশি চালিয়ে দেখা যায়, গাড়িটিতে কাঠের গুঁড়োর বস্তা দিয়ে আড়াল করে রাখা হয়েছিল বহুমূল্য সেগুন কাঠ। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং সে কাঠের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এর পরই সন্দীপ সিংকে গ্রেফতার করে বনদফতর। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।







