মালদার চাঁচলের ঐতিহ্যবাহী চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে পরীক্ষা চলাকালীন দেবী সরস্বতীর ছবি আঁকায় সপ্তম শ্রেণির এক পড়ুয়ার আঁকা ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। পড়ুয়ার বাবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক আফতাবউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুলে সপ্তম শ্রেণির অঙ্কন ও কর্মশিক্ষা পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় সপ্তম শ্রেণির পড়ুয়া অঙ্কিত রায় বাগদেবীর ছবি আঁকে। অভিযোগ, পরীক্ষার হলে গার্ডের দায়িত্বে থাকা আরবি বিভাগের শিক্ষক আফতাবউদ্দিন ছবিটি জমা নেওয়ার সময় ছবিটি ছিঁড়ে দেন এবং ছবি আঁকতে বাধা দেন। বাড়ি ফিরে ওই পড়ুয়া কান্নাকাটি করে ঘটনাটি জানালে তার বাবা কমল রায় শুক্রবার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার খবর ছড়াতেই বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও সাসপেনশনের দাবিতে স্কুলে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আলির নেতৃত্বে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







