কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করেছেন কংগ্রেস নেতা মিলন প্রধান। বুধবার তাঁর জামিনের মেয়াদ শেষ হলেও হাইকোর্ট তাঁর আবেদন মঞ্জুর করেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মিলনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মানতেই নির্ধারিত সময়ের আগেই শুক্রবার দুপুরে হলদিয়া আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন নন্দীগ্রামের উপনির্বাচনের এই কংগ্রেস প্রার্থী।
আদালতে পৌঁছে মিলন প্রধান জানান, উচ্চ আদালতের আদেশের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। হাইকোর্ট যেহেতু তাঁকে হলদিয়া আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে, তাই তিনি আইন মেনে এসেছেন এবং আদালতের সব রায় মেনে চলবেন। তবে এই প্রক্রিয়ার মাঝে তিনি অভিযোগ করেন, ২০০৭ সালের মামলায় আরও অনেকেই মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। বাকি অভিযুক্তদের ছাড় দিয়ে কেন কেবল তাঁর বিরুদ্ধেই আইনি পদক্ষেপ করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল মিলন প্রধানের। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, দাঙ্গা এবং বেআইনি জমায়েতের অভিযোগ ওঠে। ২০২১ সালে হাইকোর্টের নির্দেশে এই মামলাগুলি নতুন করে চালু হলে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। সর্বোচ্চ আদালত বিষয়টি হাইকোর্টেই ফেরত পাঠায়। পরবর্তীতে গত ২০ অক্টোবর হাইকোর্ট মিলনের জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল, তবে নতুন করে সময়সীমা না বাড়ায় অবশেষে তাঁকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হলো।







