ছত্তিশগড়ের করণপুরে CRPF-এর আধা সামরিক বাহিনীর শিবিরে জওয়ানদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এক ভাষণে তিনি ‘দিমাগি নকশাল’-দের বিষয়ে সতর্ক করেন। প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে ঢুকে পড়া এই ধরণের ব্যক্তিদের চিহ্নিত করে পরাজিত করা হবে।
গত ৮ নভেম্বর রবিবার মোদী বলেন যে, জঙ্গলে সশস্ত্র নকশালবাদ ইতিমধ্যেই পরাজিত হয়েছে, তবে ‘দিমাগি নকশাল’-দের বিপদ এখনও রয়ে গিয়েছে, যারা বিভিন্ন দলের নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি দাবি করেন, তাঁর সরকারের রাজনৈতিক সদিচ্ছার কারণেই মাওবাদীদের পরাজিত করা সম্ভব হয়েছে এবং তাদের নেটওয়ার্ক ও অর্থের উৎস ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ আগস্ট লালকেল্লায় প্রথমবার তিনি ‘দিমাগি নকশাল’ শব্দটির ব্যবহার করেছিলেন।
এর আগে গত ৩১ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারত নকশালমুক্ত বলে ঘোষণা করেছিল। বস্তার সহ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিকে শান্ত করার কথা জানিয়েছিল কেন্দ্র। বর্তমানে গুলির লড়াইয়ে একাধিক মাওবাদী নেতার মৃত্যু হয়েছে এবং অনেক মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে অন্যদিকে, মাওবাদী দমনের আড়ালে কর্পোরেট খনির জন্য জমি দখলের অভিযোগও জোরালো হচ্ছে।







