দিল্লির মোতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি পোশাকের শোরুমের ট্রায়াল রুম থেকে ১৮ বছরের তরুণী শবনমের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং একতরফা প্রেমের জেরেই এই খুন ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শবনম ওই শোরুমে কাজ করতেন। গতকাল তাঁর কাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এক যুবক সেখানে আসে। অভিযুক্ত যুবকটি শবনমের পূর্বপরিচিত এবং একসময় তাঁর বন্ধু ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, অভিযুক্ত তরুণীকে শোরুমের ট্রায়াল রুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করে পালিয়ে যায়। এরপর শোরুম বন্ধ করার প্রস্তুতির সময় কর্মীরা ট্রায়াল রুমে শবনমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান। বর্তমানে শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী দল। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।







