মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল NASA-র মহাকাশযান Voyager 1। ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ৩টে ৪৬ মিনিটে এই যানটি পৃথিবী থেকে এক আলোকদিবসের দূরত্ব অতিক্রম করেছে। বর্তমানে এই মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। এক আলোকদিবস বলতে বোঝায় আলো ২৪ ঘণ্টায় যতটা পথ অতিক্রম করে। ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটতে থাকা এই যানটির এই দূরত্বে পৌঁছাতে প্রায় পাঁচ দশক সময় লেগেছে।
দূরত্বের এই বিশালতার কারণে এখন পৃথিবী থেকে Voyager 1-এ কোনো রেডিও সিগনাল পাঠাতে ২৪ ঘণ্টা সময় লাগবে এবং সেখান থেকে উত্তর আসতে আরও ২৪ ঘণ্টা সময় লাগবে। অর্থাৎ, বার্তা বিনিময়ে মোট দুই দিন সময় প্রয়োজন হবে। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা এই যানটি বৃহস্পতি ও শনির মতো গ্রহের তথ্য সংগ্রহের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল। ১৯৭৯ সালে বৃহস্পতি এবং ১৯৮০ সালে শনির পাশ দিয়ে উড়ে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি পাঠায় এটি। পরবর্তীতে ২০১২ সালের অগস্টে এটি প্রথম মহাকাশযান হিসেবে হেলিওপজ অতিক্রম করে আন্তর্নাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে।
প্রায় অর্ধশতাব্দী পুরনো প্রযুক্তি এবং প্লুটোনিয়াম-২৩৮-এর তেজস্ক্রিয় ক্ষয় থেকে উৎপন্ন তাপের সাহায্যে এখনও সচল রয়েছে এই যানটি। তবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ক্রমশ কমছে, তাই শক্তি সাশ্রয়ের জন্য NASA-র বিজ্ঞানীরা কিছু অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ করে দিয়েছেন। আশা করা হচ্ছে, ২০৩০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এই অভিযান চালু রাখা সম্ভব হবে। বর্তমানে Voyager 1 গ্লিসে ৪৪৫ নামের একটি নক্ষত্রের দিকে এগিয়ে চলেছে।
ভিনগ্রহীদের জন্য বিশেষ বার্তা বহন করছে এই মহাকাশযানটি। ভারতের পক্ষ থেকে এতে কেশরবাই কেরকরের ‘জাত কহাঁ হো’ গানটি পাঠানো হয়েছে। পাশাপাশি হিন্দি, বাংলা, গুজরাটি, কন্নড়, মরাঠা, নেপালি, পাঞ্জাবি, রাজস্থানি, তেলুগু এবং উর্দু ভাষায় পৃথিবীর মানুষের শুভেচ্ছা বার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে।







