মঙ্গলবার ভোরে নেপালের কোশি প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পের অভিঘাত অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৩ থেকে ৫.৪। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।
পূর্ব নেপালের যে এলাকায় এই কম্পনটি হয়েছে, তা সিকিম সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় পূর্ব হিমালয় অঞ্চলের ওপর প্রভাব পড়েছে। এর ফলে ভারতের সিকিম এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও শিলিগুড়ি সহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, নেপাল এবং সংলগ্ন হিমালয় অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা, যার ফলে সিকিম ও কালিম্পং সহ সংলগ্ন এলাকাগুলিতে সবসময়ই ঝুঁকির সম্ভাবনা থাকে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি, আহত হওয়ার ঘটনা বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মাত্রার পাশাপাশি তার উৎসস্থল কতটা গভীরে এবং জনবসতি থেকে তার দূরত্ব কত, তার ওপর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ভর করে। এই কম্পনটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয়েছিল।







