মঙ্গলবার ভরসন্ধ্যায় নিউ গড়িয়া রেল স্টেশনে এক তরুণীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য স্টেশনের ছবি ও ভিডিও তুলছিলেন ওই তরুণী, সেই সুযোগেই এক যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। ঘটনার পর ১০০ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী সোনারপুরের বাসিন্দা এবং একটি আই টেস্টিং ল্যাবের কর্ণধার। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ তিনি সোনারপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন। ট্রেন আসার আগে স্টেশন ফাঁকা থাকায় তিনি মোবাইলে ভিডিও রেকর্ড করছিলেন। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় এক যুবক সেখানে এসে তাঁর সঙ্গে তর্ক শুরু করে এবং তাঁকে একা পেয়ে শ্লীলতাহানি করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যাদবপুর জিআরপির আধিকারিকরা। দুই পক্ষকেই থানায় নিয়ে যাওয়া হয় এবং তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রুবেল মল্লিককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি কালিকাপুরের বাসিন্দা এবং পেশায় একজন জনমজুর।







