নিউটাউনের Axis Mall এবং Pride Hotel-এর সংলগ্ন ফ্লাইওভারের নিচের অংশকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি NKDA-র আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর তিনি এই পরিকল্পনার কথা জানান। ওই অংশে লাইব্রেরি তৈরির পাশাপাশি শিশুদের জন্য ক্রেশ এবং ক্যাফেটেরিয়া খোলার ভাবনাচিন্তা রয়েছে তাঁর।
মন্ত্রীর মতে, বর্তমান সময়ে টিভি ও মোবাইলের প্রভাবে মানুষের বই পড়ার অভ্যাস কমেছে। তাই অফিস থেকে ফেরার পথে মানুষ যাতে বই পড়তে পারেন, সেই সুযোগ তৈরি করতে এই লাইব্রেরি গড়ে তোলা হবে। বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে থাকা সত্ত্বেও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য প্রয়োজনীয় বইপত্রের ব্যবস্থা থাকবে এখানে। এছাড়া দিনের বিভিন্ন সময়ে ওই জায়গাকে ক্রেশ এবং লাইব্রেরি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেখানে টেবিল টেনিস খেলার সুবিধাও রাখা হবে।
এর আগে তৃণমূল সরকারের আমলে ওই এলাকায় ডেলিভারি বয়দের জন্য বিশ্রামাগার, আড্ডা জোন এবং লুডো ও দাবা খেলার ব্যবস্থা করা হয়েছিল। এমনকি শান্তিনিকেতনের ধাঁচে সোনাঝুরির হাটও সেখানে বসেছিল।
শহর সাজানোর পাশাপাশি বর্ষাকালে জল জমার সমস্যা দূর করতে নিকাশি নালা ও গালিপিট পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকার নিউটাউনের বেশ কিছু রাস্তা সংস্কারের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে।







