মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন নিকিতা সাহা। উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা গত ১৩ সেপ্টেম্বর স্বামীর সঙ্গে দার্জিলিংয়ের সিটংয়ে গিয়েছিলেন। সেখানে একটি হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় আচমকা আগুন ছড়িয়ে পড়ে এবং তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।
পরিবারের অভিযোগ, ক্যাম্পফায়ারের আগুন বাড়ানোর জন্য হোমস্টের এক কর্মচারী সেখানে থিনার ঢেলে দিয়েছিলেন, যার ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নিকিতার শরীরে। এই ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। মৃতের জ্যেঠু সুজিত কুমার সাহা নিরাপত্তা ব্যবস্থার অভাবের কথা উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
আট বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর গত জুলাই মাসে বিয়ে করেছিলেন সৌভিক দাস ও নিকিতা সাহা। দুর্ঘটনার পর প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কলকাতার বাঙ্গুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চার দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিকটবর্তী অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ তাঁর মৃত্যু হয়।







