পশ্চিমবঙ্গের সড়ক ও সেতু পরিকাঠামো আরও উন্নত করতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী Nitin Gadkari তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, রাজ্যের চারটি প্রকল্পের জন্য মোট ১০৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল (CRIF)-এর আওতায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি, হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর ওপর একটি নতুন সেতু নির্মাণের জন্য CRIF-এর ‘সেতু বন্ধন’ প্রকল্পের অধীনে আরও ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিভিন্ন এলাকার মধ্যে যাতায়াতের সময় কমবে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বিশেষ করে নতুন সেতুটি তৈরি হলে নদীর দুই তীরের মানুষের যাতায়াত সহজ হবে। এর ফলে পণ্য পরিবহন সহজতর হওয়ার পাশাপাশি বাণিজ্য ও পর্যটনের সুযোগ বাড়বে এবং সংশ্লিষ্ট এলাকাগুলির সামগ্রিক অর্থনৈতিক উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।







