উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের স্বনির্ভর গোষ্ঠী হাতে তৈরি ‘হাই ভ্যালু স্পেশালিটি টি’ উৎপাদন করে নতুন দিগন্তের সূচনা করেছে। কোচবিহারের জামালদহ, জলপাইগুড়ির রামশাই ও রংধামালি এবং দার্জিলিংয়ের সিটং-এর আটটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই চা তৈরি করেন। মেশিনের পাশাপাশি হাতে তৈরি এই চা কীটনাশকমুক্ত হওয়ায় ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচিতি পেয়েছে। বর্তমানে বছরে প্রায় ৩ হাজার কেজি চা উৎপাদিত হচ্ছে, যা ১,৫০০ থেকে ২,০০০ টাকা কেজি দামে বিদেশে রপ্তানি হচ্ছে।
এই চায়ে গ্রিন টি, হোয়াইট টি, পার্পল টি এবং অর্থোডক্স টি-র চারটি ভ্যারিয়েন্ট রয়েছে। ক্রমবর্ধমান চাহিদার জেরে উৎপাদন বাড়িয়ে ৫ হাজার কেজি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘তিস্তা’ ব্র্যান্ডের আওতায় এই হাতে তৈরি চা দেশ-বিদেশের বাজারে ছাড়তে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিপণনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম খোলারও প্রস্তুতি চলছে।
কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী জানান, স্বনির্ভর গোষ্ঠী ও চা চাষিরা সরাসরি চা বিদেশে পাঠাতে পারছেন না, কারণ বিভিন্ন এজেন্সি কম দামে চা কিনে বেশি দামে রপ্তানি করছে। এই সমস্যা সমাধানে ক্ষুদ্র চা চাষিদের স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য এক্সপার্ট লাইসেন্স বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, যেন অন্য কোনো সংস্থা এই চা কিনে নিজের ব্র্যান্ডে বাজারজাত করতে না পারে, সেই উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলো ‘তিস্তা’ ব্র্যান্ডে প্যাকেটিং করে সরাসরি রপ্তানির অনুমতি পেতে চেষ্টা চালাচ্ছে।






