মেক্সিকোর Olimpia Coral Melo-র জীবন বদলে গিয়েছিল মাত্র ১৮ বছর বয়সে। তাঁর এবং তাঁর প্রেমিকের একটি একান্ত মুহূর্তের ব্যক্তিগত ভিডিও অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তিনি হয়ে ওঠেন আলোচনার বিষয়। স্থানীয় সংবাদপত্র থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে অশালীন মন্তব্য এবং যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা আসতে শুরু করে। পুয়েবলা প্রদেশের হুয়াউচিনাঙ্গো এলাকার সঙ্গে মিলিয়ে তাঁকে 'হুয়াউচিনাঙ্গোর আবেদনময়ী মোটা মেয়ে' বলে কটাক্ষ করা হয়।
এই লাগাতার অপমান ও অনলাইন হেনস্থার জেরে গভীর অবসাদে চলে যান Olimpia। নিজেকে ঘরবন্দি করে ফেলেন তিনি এবং টানা আট মাস বাড়ির বাইরে বেরোননি। মানসিক যন্ত্রণায় তিনি তিনবার আত্মহত্যার চেষ্টাও করেন। পরিবারের কাছে বিষয়টি গোপন রাখলেও, তাঁর ১৪ বছর বয়সী ভাই যখন বিষয়টি সামনে আনেন, তখন তিনি ভেঙে পড়েন। তবে তাঁর মা তাঁকে বুঝিয়ে বলেন যে, যৌন সম্পর্কে জড়ানো কোনো অপরাধ নয়, বরং অনুমতি ছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়াটাই আসল অপরাধ। মায়ের এই কথাতেই তিনি বুঝতে পারেন যে তিনি অপরাধী নন, বরং অপরাধের শিকার।
এরপরই শুরু হয় তাঁর ঘুরে দাঁড়ানোর লড়াই। এক বন্ধুর পরামর্শে তিনি বিভিন্ন ওয়েবসাইট খতিয়ে দেখেন এবং বুঝতে পারেন যে ইন্টারনেটে আরও অনেক নারী একইভাবে যৌন হেনস্থার শিকার হচ্ছেন। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অন্যান্য নারীদের এই যন্ত্রণাকেই তিনি আন্দোলনে রূপান্তর করেন। তাঁর এই দীর্ঘ লড়াইয়ের ফলেই মেক্সিকোতে সাইবার যৌন হেনস্থার বিরুদ্ধে কঠোর আইন তৈরি হয়, যা বর্তমানে 'Olimpia Law' নামে পরিচিত। বিবিসি বাংলার প্রতিবেদনে এই কাহিনী বিস্তারিত জানানো হয়েছে।







