দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের একটি বস্তি এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, প্রথমে একটি গুদামে আগুন ধরে এবং দ্রুত তা পাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায় এবং তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেগ পেতে হয়।
পরিস্থিতি সামাল দিতে দমকলের মোট ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে ঘরে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনেন, যার ফলে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দমকল বাহিনী পৌঁছনোর আগে স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।







