আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক না থাকলে এখন থেকে সঞ্চয় প্রকল্পের সুদের ওপর ২০ শতাংশ TDS কাটবে ডাকঘর। গত ১২ নভেম্বর সব সার্কেলের প্রধানদের এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে এবং ডাক বিভাগের CBS সিস্টেমে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। প্যান কার্ড লিঙ্ক না থাকলে তা 'ইনঅপারেটিভ' বা নিষ্ক্রিয় হিসেবে গণ্য হবে, যার প্রভাব পড়বে গ্রাহকদের সঞ্চয় প্রকল্পের ওপর।
নতুন নিয়ম অনুযায়ী, প্রোটিয়ানের (পূর্বতন NSDL) তথ্যের সঙ্গে গ্রাহকের প্যান বৈধতা, নাম, জন্ম তারিখ এবং আধার লিঙ্ক করার বিষয়টি যাচাই করা হবে। প্রথম তিনটি শর্ত না মিললে নতুন CIF (Customer Information File) খোলা যাবে না এবং কোনো সঞ্চয় প্রকল্প শুরু করা বা পুরনো অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করা সম্ভব হবে না। তবে আধার-প্যান লিঙ্ক না থাকলেও অ্যাকাউন্ট খোলা যাবে, সেক্ষেত্রে বাড়তি হারে TDS কাটা হবে। ৬০ বছরের কম বয়সীদের জন্য 'TDSIO' এবং ৬০ থেকে ৮০ বছর বয়সীদের জন্য 'TDSIS' নামে দুটি নতুন ট্যাক্স কোড আনা হয়েছে, যার মাধ্যমে ২০ শতাংশ কর কাটা হবে। তবে ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই বাড়তি কর প্রযোজ্য হবে না।
ডাক বিভাগ জানিয়েছে, যাদের প্যান নিষ্ক্রিয়, তাদের পর্যায়ক্রমে SMS পাঠিয়ে আধার-প্যান লিঙ্ক করার অনুরোধ জানানো হবে। এরপর সংশ্লিষ্ট ডাকঘরে গিয়ে প্যান যাচাই করে প্রয়োজনে ফর্ম-১২১ জমা দিতে হবে। চেন্নাইয়ের কেন্দ্রীয় প্রসেসিং সেন্টার ১৬ নভেম্বরের মধ্যে নিষ্ক্রিয় প্যানের তালিকা পাঠাবে। ১৫ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ৩১ ডিসেম্বরের পর সুদ দেওয়ার সময় এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম-১২১ আপডেট না করলে বাড়তি হারে TDS কাটা হবে এবং পরবর্তীতে লিঙ্ক করলেও ওই টাকা আর ফেরত পাওয়া যাবে না।






