গাড়ির পলিউশন বা PUC সার্টিফিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক (MoRTH) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নির্দেশিকা জারি করেছে। মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮-এর অধীনে এবং কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইন, ২০২৬-এর মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত BS-VI গাড়ির ক্ষেত্রে বয়স ৬ বছর পর্যন্ত হলে তিন বছর অন্তর সার্টিফিকেট নবীকরণ করলেই চলবে। তবে বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে হলে প্রতি বছর এবং ১০ বছরের বেশি পুরনো হলে প্রতি ৬ মাস অন্তর PUC সার্টিফিকেট করানো বাধ্যতামূলক।
বাণিজ্যিক বা পরিবহণ কাজে ব্যবহৃত BS-VI গাড়ির ক্ষেত্রেও নিয়ম বদলেছে। এই ধরনের ৬ বছর পর্যন্ত পুরনো গাড়ির সার্টিফিকেটের মেয়াদ হবে দুই বছর। ৬ থেকে ১০ বছর পুরনো বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে প্রতি বছর এবং ১০ বছরের বেশি পুরনো হলে প্রতি ৬ মাস অন্তর পরীক্ষা করাতে হবে। অন্যদিকে, BS-I, BS-II এবং BS-III নির্গমন মানের গাড়ির ক্ষেত্রে এই মেয়াদের সময়সীমা তিন মাস এবং BS-IV মানের গাড়ির ক্ষেত্রে ছয় মাস রাখা হয়েছে।
পুরনো নিয়মে ইস্যু করা সার্টিফিকেটের ক্ষেত্রেও এই নতুন মেয়াদ কার্যকর হবে, তবে তা প্রথমবার পুনর্নবীকরণের সময় থেকে। নিয়ম অনুযায়ী, সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার ১০ দিনের মধ্যে আবেদন করলে নতুন সার্টিফিকেটের কার্যকারিতা পুরনো মেয়াদের শেষ দিন থেকে শুরু হবে। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আবেদন করা হলে, পুনর্নবীকরণের দিন থেকেই নতুন সার্টিফিকেটের মেয়াদ শুরু হবে। এই নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে।







