পাঞ্জাবের পাতিয়ালা জেলার আসিয়ানা গ্রামের কাছে পাতিয়ালা-সাঙ্গারু জাতীয় সড়কে ভাকরা ক্যানেলের ওপর একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় দুটি বালি বোঝাই ট্রাক সেতুটি পার হচ্ছিল, যা ভেঙে পড়ায় ট্রাক দুটি সেখানে আটকে যায়। এর মধ্যে একটি ট্রাকে আগুন ধরে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা। তৎপরতার সাথে ট্রাক চালকদের নিরাপদ উদ্ধার করা হয়। ২০১৬ সালে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। প্রাথমিক অনুমান, নির্ধারিত ওজনের চেয়ে বেশি ভারী যানবাহন চলাচলের কারণেই এই বিপর্যয় ঘটেছে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
National Highway Authority of India-র অধীনে থাকা এই ব্রিজের স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্র জেলা প্রশাসন থেকে চাওয়া হয়েছে। দুর্ঘটনার পর পাতিয়ালা-সাঙ্গারু জাতীয় সড়কের ওই অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যানবাহনগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।







