দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লটারির প্রথম পুরস্কার জিতে নিলেন পঞ্জাবের এক কৃষক। দেরাবাসির নিকটবর্তী হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী বলজিন্দর সিং 'Punjab State Dear Diwali Bumper Lottery 2026'-এর মাধ্যমে ১২ কোটি টাকার জ্যাকপট জিতেছেন।
পেশায় কৃষক বলজিন্দর জানান, তিনি ২০১০ সাল থেকে নিয়মিত লটারির টিকিট কিনছিলেন, তবে এর আগে কখনও বড় কোনো পুরস্কার পাননি। দীপাবলির আগে হান্দেসরার এক বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা দিয়ে ওই টিকিটটি কিনেছিলেন তিনি। মঙ্গলবার রাত ১১টার দিকে জয়ের কথা জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই সন্তানের বাবা। তিনি বলেন, "অবশেষে ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিয়েছেন।"
পুরস্কারের অর্থ কীভাবে খরচ করবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলজিন্দর। জয়ের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বন্ধুদের সঙ্গে জিরাকপুরে যান তিনি। লটারি আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতার জন্য মোট ৩৬ লক্ষ টিকিট ছাপানো হয়েছিল, যা রাশিচক্রের ১২টি রাশির নামে ১২টি সিরিজে বিভক্ত ছিল।







