পূর্ব বর্ধমানের খোসবাগান এলাকায় এক ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার ভুয়ো রিপোর্ট তৈরির মারাত্মক চক্র ফাঁস হয়েছে। West Bengal Clinical Establishment Regulatory Commission-এর চেয়ারম্যান এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু এক সহযোগীর সঙ্গে সাধারণ রোগী সেজে ওই সেন্টারে গিয়েছিলেন। সেখানে রক্ত পরীক্ষার নমুনা দেওয়ার এক ঘণ্টার মধ্যেই রিপোর্ট হাতে পান তিনি, যা আগে করা অন্য একটি রিপোর্টের সঙ্গে সম্পূর্ণ আলাদা ছিল।
তদন্তে জানা যায়, ওইদিন সকালে সেন্টারে কোনও চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। কোনো পরীক্ষা না করেই কেবল আন্দাজের ভিত্তিতে মনগড়া রিপোর্ট তৈরি করে রোগীর হাতে দেওয়া হয়েছিল। পরিদর্শনে দেখা যায়, একটি আবাসিক বসতবাড়ির ভেতরেই যথাযথ পরিকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই চলছিল এই ডায়াগনস্টিক সেন্টার।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, পরীক্ষার রিপোর্ট ভুল হলে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাবেন না। স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন কারচুপি বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। আপাতত খোসবাগানের দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।







