পুরুলিয়ার কাশীপুরে এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, আইন তার পথে চলবে এবং অন্যান্য জায়গার মতোই এখানেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অনুযায়ী, রবিবার রাতে মাজরামুড়া গ্রামে এক কিশোরীকে যাত্রা দেখতে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার প্রেমিক সুদীপ তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে মিলে গণধর্ষণ করে। এই ঘটনায় মোট ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে আইনজীবীর দাবি অনুযায়ী দু’জন নাবালক হওয়ায় তাদের জেল হেফাজতে রাখা হয়েছে এবং বাকি ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রঘুনাথপুর মহকুমা আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ ওই দুই অভিযুক্তের বয়সের প্রমাণ যাচাই করছে।
পুলিশি হেফাজতে থাকা সুদীপ মাণ্ডি ওরফে সাগুন, রাজেশ মাণ্ডি, সুশান্ত মাণ্ডি এবং বিনন্দ সোরেন ওরফে গেড়াকে বুধবার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়। তদন্তের স্বার্থে অভিযুক্ত ও নির্যাতিতার মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সুদীপ ঠিক কাদের ডেকেছিল এবং ঘটনার পর কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে অভিযুক্তদের বয়ান এবং নির্যাতিতার জবানবন্দির মধ্যে মিল খোঁজা হচ্ছে। বয়সের প্রমাণ চূড়ান্ত হলে ৬ জন অভিযুক্তকেই নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।







