রবিবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যু হয়েছে। এনকাউন্টারে রতনের মৃত্যুর পর তার দাদা এবং দিনমজুর সালাম শেখ জানিয়েছেন, ভাইয়ের অপকর্মের শাস্তি তিনি মেনে নিয়েছেন। সালাম শেখ বলেন, এক মায়ের পেটের ভাই হলেও রতনের অপকর্ম মেনে নেওয়া সম্ভব নয়। সারা বছর চুরি, ডাকাতি ও ছিনতাই করে জেলে যাওয়া তিনি মেনে নিয়েছেন, কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো কখনোই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, নিজের কাজের শাস্তি পেয়েছে ভাই এবং শেষ দেখাও আর দেখতে চান না।
পরিবারের দাবি, রতনের অপরাধের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক ছিল না। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। গত ১২ নভেম্বর বোলপুর সংশোধনাগারে সালাম শেখ শেষবার রতনের সঙ্গে দেখা করেছিলেন, যার কয়েক দিনের মধ্যেই এনকাউন্টারে তার মৃত্যুর খবর আসে।
রতন শেখের আদি বাড়ি ছিল নানুরের সাতরা গ্রামে। তবে প্রায় সাত বছর আগে জমি ও ভিটেমাটি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে আসে পরিবার। স্থানীয়দের দাবি, একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ার কারণেই সাতরা ছাড়তে হয়েছিল রতনকে। গ্রামবাসীদের অভিযোগ, মাদক কারবারের সঙ্গেও তার যোগ ছিল। পরিবারের দাবি, রতনের জীবনযাপনের ধরন এমনই ছিল যে, এক মাস বাড়িতে থাকলে পরের ছ’মাস কাটত জেলে। রতনের মৃত্যুর পর তার দেহ সাতরা গ্রামে নিয়ে ফেরাতে চান না গ্রামবাসীদের একাংশ।







