ব্যাঙ্কে নিজস্ব অ্যাকাউন্ট না থাকলেও অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম সহজ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। দেশের মধ্যে টাকা পাঠানোর পরিষেবা বা Domestic Money Transfer (DMT)-কে আরও সুরক্ষিত ও নিয়মতান্ত্রিক করতে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। গত ১১ নভেম্বর কেন্দ্রীয় ব্যাঙ্ক 'Reserve Bank of India Domestic Money Transfer Directions, 2026' নামে এই নির্দেশিকা কার্যকর করেছে, যেখানে পুরনো নিয়মগুলিকে এক ছাতার তলায় আনা হয়েছে।
যাঁদের ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের সুযোগ কম এবং পর্যাপ্ত পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণের অভাবে অ্যাকাউন্ট খুলতে পারেননি—বিশেষ করে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। নতুন নিয়মে নগদ টাকা পাঠানোর ক্ষেত্রে দুটি পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ব্যবস্থায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা কোনও গ্রাহক অ্যাকাউন্টবিহীন ব্যক্তির কাছে টাকা পাঠাতে পারবেন। প্রাপক ATM, বিজনেস করেসপন্ডেন্ট বা অনুমোদিত মাধ্যম থেকে একবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন। একজন প্রাপক এক মাসে সর্বাধিক ২৫ হাজার টাকা পেতে পারেন।
দ্বিতীয় ব্যবস্থায়, কোনও ব্যক্তি ব্যাঙ্কের শাখায় গিয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা নগদ জমা দিয়ে NEFT-এর মাধ্যমে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তবে বিজনেস করেসপন্ডেন্ট বা ATM-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে লেনদেনের সীমা আলাদা রাখা হয়েছে।
টাকা পাঠানোর ক্ষেত্রে গ্রাহকের পরিচয় যাচাই এবং লেনদেনের নিরাপত্তা জোরদার করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নির্দেশিকা অনুযায়ী, নগদ জমা দিয়ে টাকা পাঠাতে হলে মোবাইল নম্বর ও গ্রাহকের স্বঘোষিত নথি (Officially Valid Document) যাচাই করে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য RBI-এর ২০২৫ সালের KYC নির্দেশিকা মানা বাধ্যতামূলক। পাশাপাশি প্রতিটি লেনদেনের আগে অতিরিক্ত নিরাপত্তা যাচাই বা Additional Factor of Authentication বাধ্যতামূলক করা হয়েছে।







