Xiaomi-র পরবর্তী প্রজন্মের Redmi Turbo 6 সিরিজ নিয়ে প্রযুক্তি মহলে চর্চা শুরু হয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালে এই সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আসতে পারে। সম্প্রতি চিনে রেডিও সার্টিফিকেশন পাওয়ার খবর সামনে আসায় এই জল্পনা আরও জোরালো হয়েছে। সম্ভাব্য এই সিরিজে Redmi Turbo 6 এবং Redmi Turbo 6 Max নামে দুটি মডেল থাকতে পারে।
GizmoChina-র প্রতিবেদন অনুযায়ী, M407CF মডেল নম্বরের একটি ডিভাইস ১৬ নভেম্বর, ২০২৬ তারিখে SRRC সার্টিফিকেশন পেয়েছে, যা ইস্যু করেছে Xiaomi Communications Technology Co.। এই সার্টিফিকেশনের মাধ্যমে ফোনটিতে 5G, Wi-Fi এবং Bluetooth-এর মতো ওয়্যারলেস কানেক্টিভিটি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। তবে Xiaomi এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের কোনো তারিখ ঘোষণা করেনি।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Redmi Turbo 6 Max মডেলটি হতে পারে এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফোন। এতে ৭ ইঞ্চির 2K রেজোলিউশন এবং ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের বেজেল পাতলা রাখতে Xiaomi-র LIPO (Low Injection Pressure Over-moulding) প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এছাড়া, আগে প্রকাশ্যে আসা রেন্ডার অনুযায়ী, ফোনটির পিছনে Google Pixel সিরিজের মতো অনুভূমিক ভিসর-স্টাইল ক্যামেরা মডিউল দেখা যেতে পারে।
উল্লেখ্য, Redmi Turbo সিরিজের সঙ্গে Poco-র ফোনের গভীর সম্পর্ক রয়েছে। চলতি বছর ভারতে Redmi Turbo 5 এবং তার সমতুল্য Poco X8 Pro লঞ্চ হয়েছিল। তবে ভারতে Redmi Turbo 5 Max না আসলেও, Poco ব্র্যান্ডের মাধ্যমে Poco X8 Pro Max বাজারে আনা হয়েছিল, যাতে ৬.৮৩ ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ছিল।






