বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাখারভ সরকারকে। প্রাক্তন সভাপতি মলয় মহাজনের বিরুদ্ধে দলীয় কর্মীদের ক্ষোভ ও নানা অভিযোগের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে দলীয় নেতৃত্ব। এর আগেও জেলায় বিজেপির সংগঠন বিস্তারে কার্যকর ভূমিকা পালন করেছিলেন শাখারভ।
বিদায়ী সভাপতি মলয় মহাজনের বিরুদ্ধে নিচু তলার নেতা-কর্মীরা বেশ কিছু দিন ধরেই অসন্তোষ প্রকাশ করছিলেন। সম্প্রতি একটি কালী পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা চাঁদার জুলুমের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে তিনি সাংগঠনিক কাজে যেখানেই গিয়েছেন, সেখানেই দলের নেতা-কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। ফলে চরম অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। পরিস্থিতি সামাল দিতে মলয় মহাজনকে সরিয়ে রেজিনগর উপনির্বাচনে বিশাল মার্জিনে জয়ী শাখারভ সরকারকে দায়িত্ব দেওয়া হল।
নতুন দায়িত্ব গ্রহণের পর শাখারভ সরকার জানান, এই রদবদল দলীয় কর্মীদের অনেকটাই উজ্জীবিত করবে। দলের সমস্ত নেতা ও কর্মীদের প্রয়োজনীয় গুরুত্ব প্রদান করে বিজেপির সার্বিক বিকাশ ঘটানোই তাঁর প্রধান লক্ষ্য হবে বলে তিনি উল্লেখ করেন।







