আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় বসতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, এবারের সিনে-উৎসবের আমন্ত্রিত অতিথি তালিকায় যুক্ত হয়েছেন বলিউডের অভিনেতা সলমন খান।
গত মাসে নন্দনে চলচ্চিত্র উৎসব কমিটির বিশেষ বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, সিনে উৎসবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত এবং ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। একই সঙ্গে অনুপম খের, পরেশ রাওয়াল এবং কঙ্গনা রানাওয়াতের মতো পরিচিত মুখদের আসার সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেছিলেন।
মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের আরও জানান, এবারের উৎসবে ‘ফিল্ম বাজার’-কে বিশেষভাবে প্রমোট করা হবে। কমিটির সময়সূচি ও দায়িত্ব আগেই নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে তিলোত্তমার বিভিন্ন ল্যান্ডমার্ক এলাকাগুলোকে উৎসবের উপযোগী করে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উৎসাহের কথা মাথায় রেখে এই আয়োজনের প্রস্তুতি চলছে এবং বিদেশ থেকেও খ্যাতিমান অতিথিদের আনার চেষ্টা করা হচ্ছে।







