Samsung-এর পরবর্তী বড় সফটওয়্যার আপডেট One UI 9.5 নিয়ে প্রযুক্তি মহলে চর্চা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সংস্থার Galaxy স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির জন্য এই আপডেট তৈরি করা হচ্ছে। যদিও One UI 9.0 আপডেট এখনও অনেক ডিভাইসে পৌঁছায়নি, তবে এরই মধ্যে নতুন সংস্করণে ইন্টারফেসের পরিবর্তন এবং আরও Galaxy AI ফিচার যুক্ত করার পরীক্ষা চলছে বলে খবর।
Gizmochina-র প্রতিবেদন অনুযায়ী, Android 17-এর উপর ভিত্তি করে তৈরি হতে পারে এই One UI 9.5। সংস্থার পূর্ববর্তী আপডেট নীতি বিবেচনা করে একটি সম্ভাব্য তালিকা সামনে এসেছে, যেখানে প্রিমিয়াম Galaxy Z এবং Galaxy S সিরিজের পাশাপাশি A, M, F এবং XCover সিরিজের একাধিক মডেলের নাম রয়েছে। স্মার্টফোনের পাশাপাশি বেশ কিছু Galaxy Tab মডেলও এই আপডেটের আওতায় আসতে পারে বলে দাবি করা হয়েছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, One UI 9.5-এ Samsung Phone অ্যাপের ইন্টারফেসে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সার্চ অপশনটিকে নিচের নেভিগেশন বারে নিয়ে আসার পরীক্ষা চলছে, যাতে এক হাতে ফোন ব্যবহার করার সময় তা খুঁজে পাওয়া সহজ হয়। এছাড়া সামগ্রিক ইউজার ইন্টারফেসে বদল, পারফরম্যান্সের উন্নতি এবং নতুন Galaxy AI ফিচারের সম্ভাবনা থাকলেও, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি Samsung।
উল্লেখ্য, One UI 9.5-এর পরীক্ষামূলক সংস্করণ নিয়ে খবর সামনে এলেও Samsung এখনও আনুষ্ঠানিকভাবে এই আপডেটের ঘোষণা করেনি। রোলআউটের সময়সীমা বা চূড়ান্ত ডিভাইসের তালিকা এখনও অজানা। তাই চূড়ান্ত তথ্যের জন্য সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।







