শুক্রবার সকালে শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি ২ নম্বর পঞ্চায়েত এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় ১৯ বছর বয়সী শুভজিৎ বসাকের দেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের দাবি, মঙ্গলবার শুভজিৎ-এর জন্মদিন ছিল। দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে তিনি রাতে বাড়ি ফিরতে দেরি করেন, যার জন্য পরিবারের সদস্যরা তাঁকে বকাবকি করেন। এরপর মোবাইল ফোনটি বাড়িতে রেখে তিনি বেরিয়ে যান এবং রাতভর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মৃতের পরিবার আত্মহত্যার কথা মানতে নারাজ এবং ঘটনার রহস্যময় দিক নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। পরিবার জানিয়েছে, শুভজিৎ-এর উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট, কিন্তু যে বারান্দা থেকে দেহ উদ্ধার হয়েছে, তার উচ্চতা মাত্র পাঁচ ফুট। এছাড়াও, তার একটি পায়ে চটি থাকলেও অন্য পায়ে ছিল না, এবং গলায় থাকা কাপড়ের ফাঁসের অবস্থানও সন্দেহজনক বলে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।







