পেনশনভোগীদের নিশানা করে পাতা নতুন সাইবার ফাঁদ নিয়ে সতর্কতা জারি করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক State Bank of India (SBI)। পেনশন আধিকারিক সেজে প্রতারকরা অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে ভুয়ো মেসেজ পাঠিয়ে এবং কল করে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানানো হয়েছে।
১৮ নভেম্বর নিজেদের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি সতর্কতামূলক বার্তা পোস্ট করেছে SBI। গ্রাহকদের সচেতন করতে তাদের সাইবার সুরক্ষার ম্যাসকট 'Captain Y'-এর ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়েছে, Pension Payment Order (PPO) দ্রুত আপডেট করার নাম করে পেনশনারদের ভুয়ো লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করে কোনও অবস্থাতেই ব্যক্তিগত নথিপত্র বা গোপন তথ্য জমা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
SBI-এর পরামর্শ অনুযায়ী, অজানা কোনও SMS বা WhatsApp বার্তায় আসা লিঙ্কে ক্লিক করলে ডিভাইসে ক্ষতিকারক APK ফাইল বা স্পাইওয়্যার চলে আসতে পারে। এর মাধ্যমে সাইবার অপরাধীরা সহজেই গ্রাহকদের পাসওয়ার্ড, অর্থ সংক্রান্ত নথি, ATM পিন এবং OTP হাতিয়ে নিতে পারে। প্রতারকরা যাতে তাড়াহুড়ো বা মানসিক চাপ তৈরি করে অ্যাকাউন্ট ফাঁকা করতে না পারে, সেজন্য পেনশনভোগীদের সব সময় সতর্ক ও যাচাই করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।






