কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের বুক স্টলকে কেন্দ্র করে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, গত দিন এসএফআই বুক স্টল বসাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সংগঠনটির রাজ্য সম্পাদকসহ একাধিক নেতৃত্বকে আটক করা হয়েছিল। তবে এদিন সকালে এসএফআই পুনরায় বুক স্টল বসায়। এর জবাবে এবিভিপি-ও বিশ্ববিদ্যালয়ের সামনে পাল্টা বুক স্টল বসানোর উদ্যোগ নেয়।
এবিভিপির বুক স্টল বসানোর বিষয়ে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, এবিভিপির পক্ষ থেকে কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি, তাই তাদের বসতে দেওয়া সম্ভব নয়। বাধা পেয়ে এবিভিপি কর্মীরা বারবার পুলিশের ব্যারিকেড টপকে এসএফআইয়ের স্টলের দিকে যাওয়ার চেষ্টা চালান। এমনকী পুলিশের সামনেই ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে।
এবিভিপির দাবি, তারা ওই একই জায়গায় বুক স্টল তৈরি করবে। অন্যদিকে, আগের দিন এসএফআইকে স্টল তৈরিতে বাধা দিতে পুলিশকে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিতে দেখা গেলেও, এদিন পুলিশকে নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ। অশান্তির আবহ তৈরি হলেও এখনও পর্যন্ত কোনও এবিভিপি কর্মী বা সমর্থককে আটক করা হয়নি।







