সূর্য ও চাঁদের বিশেষ অবস্থানের ফলে তৈরি হয়েছে অশুভ ষড়াষ্টক যোগ। জ্যোতিষ গণনা অনুযায়ী, সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করার পর ২২ নভেম্বর চাঁদ মেষ রাশিতে প্রবেশ করে। এই দুই গ্রহের পারস্পরিক ষষ্ঠ ও অষ্টম ঘরের সম্পর্কের কারণে এই অশুভ যোগ গঠিত হয়েছে, যার প্রভাবে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা, মানসিক অস্থিরতা এবং আর্থিক অনিশ্চয়তা দেখা দিতে পারে। বিশেষ করে বিনিয়োগ, ব্যবসা এবং টাকা-পয়সার লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই যোগের প্রভাবে বৃষ রাশির জাতকদের বড়সড় খরচের সম্ভাবনা রয়েছে, যার ফলে মাসের শেষে বাজেট বিঘ্নিত হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা এবং বিনিয়োগ এড়িয়ে চলার পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে। এছাড়া জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পারিবারিক চিন্তা বাড়তে পারে।
বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক লেনদেনে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কাউকে মোটা অঙ্কের টাকা ধার দেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কাজ করলে বড় সমস্যা হতে পারে এবং ব্যক্তিগত জীবনে কথাবার্তায় সংযম রাখা জরুরি। স্বাস্থ্যের বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
ধনু রাশির জাতকদের পেশাগত ও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। পর্যাপ্ত তথ্য ছাড়া শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রমের পরেও প্রত্যাশিত ফল পেতে দেরি হতে পারে। এছাড়া অফিসে ব্যক্তিগত পরিকল্পনা গোপন রাখা এবং যাতায়াতের সময় মূল্যবান জিনিসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।







