মুম্বইয়ে আয়োজিত 'Global Peace Honours' অনুষ্ঠানে শান্তি, ঐক্য ও মানবতার বার্তা দিলেন অভিনেতা শাহরুখ খান। অনুষ্ঠানে ২৬/১১-র মুম্বই সন্ত্রাসবাদী হামলা, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিরীহ মানুষ ও দেশের জন্য প্রাণ দেওয়া শহিদ জওয়ানদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। সেই সঙ্গে ভারতের বীর সেনাসদস্যদের সাহস ও অবদানের কথা তুলে ধরেন অভিনেতা।
শাহরুখ খান তাঁর বক্তব্যে জানান, দৈনন্দিন জীবনে শান্তি বজায় রাখতে হিংসার পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়া প্রয়োজন। সংঘাত ও ভয়ের বদলে বিশ্বাস এবং সম্প্রীতিকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। মতের অমিল থাকলেও একে অপরের পরিস্থিতি ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের ছোট ছেলে AbRam-এর একটি প্রশ্নের কথাও উল্লেখ করেন শাহরুখ। কীভাবে ঘৃণাকে ভালোবাসায় পরিণত করা যায়, সেই প্রশ্নের উত্তরে আলোচনার মাধ্যমেই শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করা সম্ভব বলে ছেলেকে জানান তিনি।
ভারতকে শান্তি ও সৌহার্দ্যের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে শাহরুখ বলেন, প্রতিটি মানুষের উচিত নিজের অন্তর থেকে শান্তির সিদ্ধান্ত নেওয়া এবং তা প্রতিদিন বজায় রাখার চেষ্টা করা। দেশের সুরক্ষায় নিয়োজিত সেনা জওয়ানদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাঁদের উদ্দেশে চারটি পংক্তি আবৃত্তি করেন অভিনেতা।







