ভারতে অবস্থানরত Sheikh Hasina ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে তাঁর দেশে ফেরার সম্ভাব্য রুট পরিকল্পনা করতে তৎপর হয়ে উঠেছেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার ফেরার পথ পর্যালোচনা করতে রবিবার পশ্চিমবঙ্গের বনগাঁর পেট্রাপোল সীমান্তে পরিদর্শনে যাচ্ছেন দলটির চার প্রবীণ নেতা। এই সীমান্ত ব্যবহার করে আদৌ তিনি দেশে ফিরতে পারবেন কি না, তা সেখানে গিয়ে খতিয়ে দেখবেন তাঁরা।
বর্তমানে কলকাতায় থাকা এই চার নেতা হলেন জাহাঙ্গীর কবীর নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। পেট্রাপোল সীমান্তের পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে তাঁরা ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তও পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। এই চার নেতাই শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাঁর সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। জাহাঙ্গীর কবীর নানক পূর্বে বস্ত্র ও পাট মন্ত্রী এবং স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সামলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের দায়িত্ব এবং ২০২২ সালে দলের প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত হন। বাহাউদ্দিন নাসিম ১৯৯৬ সালে শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হিসেবে কাজ করার পর দলের যুগ্ম সাধারণ সম্পাদক হন। অন্যদিকে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রিত্বের মেয়াদে প্রোটোকল অফিসার এবং পরে বিরোধী দলনেতা থাকার সময়ে সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফেনী-১ আসনের প্রাক্তন সাংসদ।
এদিকে Sheikh Hasina-র জন্য ফের নতুন একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানিয়ে New Delhi-র বাংলাদেশ হাই কমিশনে চিঠি পাঠিয়েছে ব্রিটেনের একটি আইনি সংস্থা। পূর্বেও এই আইনি সংস্থার মাধ্যমেই তাঁর পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছিল।







