বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। ‘রাখি বন্ধন’, ‘জীবন সাথী’, ‘মাধবীলতা’ এবং ‘মুকুট’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে বিগত বেশ কিছু বছর ধরে তিনি নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে রেখেছেন। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে নতুন করে চর্চা শুরু হয়েছে।
অভিনেত্রী নিজে বিয়ের খবর আড়ালেই রেখেছিলেন এবং কোনো ছবি পোস্ট করেননি। তবে তাঁর এক বন্ধুর প্রোফাইল থেকে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিয়ের আগে আয়োজিত একটি সংগীতানুষ্ঠানে অফ-হোয়াইট গাউন পরে হবু স্বামীর সঙ্গে তাঁকে পারফর্ম করতে দেখা গিয়েছে। অবশ্য বিয়ের আগে গঙ্গার ধারে তোলা প্রি-ওয়েডিং লুকের কিছু ছবি শ্রাবণী নিজেই সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন।
জানা গিয়েছে, শ্রাবণীর স্বামী বিনোদন জগতের সদস্য নন, তিনি সম্পূর্ণ ভিন্ন একটি পেশায় যুক্ত রয়েছেন। সমাজমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি অনেকেই প্রিয় অভিনেত্রীকে পুনরায় ছোট পর্দায় দেখার বাসনা প্রকাশ করেছেন।







