মধুচন্দ্রিমার আনন্দ বিষাদে পরিণত হলো। দার্জিলিংয়ের সিটংয়ে বার্বিকিউয়ের আগুনে ঝলসে যাওয়া নববধূ নিকিতা সাহার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা ও তাঁর স্বামী সমীর দাস দীর্ঘ প্রেমের সম্পর্কের পর কয়েক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে তাঁরা সিটংয়ের একটি হোমস্টে-তে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ১৩ সেপ্টেম্বর হোমস্টের বারান্দায় বসে থাকার সময় সামনে তৈরি করা বার্বিকিউতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে এবং নিকিতা মারাত্মকভাবে দগ্ধ হন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বার্বিকিউতে কিছু ঢালার পরেই দাউদাউ করে আগুন ধরে যায়। নিজের টি-শার্ট খুলে স্ত্রীর গায়ের আগুন নেভানোর চেষ্টা করেছিলেন সমীর।
আক্রান্তের স্বামী অভিযোগ করেছেন যে, হোমস্টে কর্তৃপক্ষ তাঁদের কোনও সাহায্য করেনি এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও তাঁদের খোঁজ নেওয়া হয়নি। ঘটনার পর গাড়ি আসতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছিল। প্রথমে স্থানীয় এবং পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয় নিকিতাকে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করেন এবং শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।







