ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের চৌনিশোল গ্রামে মনসা পুজোর অনুষ্ঠানে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল ৩২ বছর বয়সী রাহুল দণ্ডপাটের। সোশ্যাল মিডিয়ায় সর্পবন্ধু হিসেবে পরিচিত রাহুল গত ১০ বছর ধরে লোকালয়ে ঢুকে পড়া সাপ উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুলের বাড়িতে মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। ঢাক-ঢোলের বাদ্যি এবং মহিলাদের উপস্থিতিতে অনুষ্ঠান চলাকালীন গলায় জীবন্ত সাপ ঝুলিয়ে ঝাঁপান দেখাচ্ছিলেন তিনি। সেই সময় সাপটি আচমকাই তাঁর বাঁ হাতে কামড়ে দেয়। দ্রুত সাপটিকে গলা থেকে নামিয়ে দূরে ফেলে দিলেও তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, এর আগেও একাধিকবার সাপের কামড় খেয়েছিলেন রাহুল, তবে প্রতিবারই তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না।







