অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। তবে শনিবার সেই গ্রেপ্তারির প্রক্রিয়াকে ‘বেআইনি’ বলে খারিজ করে দিল বান্দ্রা আদালত। একই সঙ্গে অভিযুক্ত আরিয়ান দীপক জৈনকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
সোনাক্ষী সিনহার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার বান্দ্রা থানায় একটি মামলা নথিভুক্ত হয়। অভিনেত্রীর অভিযোগ ছিল, দীপক সমাজমাধ্যমে তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বই নিয়ে আসা হয়েছিল। তবে শুনানির সময় আদালত পর্যবেক্ষণ করে জানায়, অভিযুক্তকে মুম্বইয়ে নিয়ে আসার আগে দিল্লির ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি। পাশাপাশি গ্রেপ্তারির ক্ষেত্রে যে সব নিয়মকানুন মানা বাধ্যতামূলক, তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং পুলিশও গ্রেপ্তারের সন্তোষজনক ব্যাখ্যা আদালতে দিতে পারেনি।







