দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে মায়ের হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী এক নাবালিকা কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরীর নাম সায়নী শিকারি। সে স্থানীয় অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। মায়ের খুনে অভিযুক্ত বাবা সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই নাবালিকার এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে সায়নীর মা মালা শিকারি খুন হন। সেই ঘটনায় মেয়ে সায়নীর বয়ানের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করে বাবা সমীর শিকারিকে। এতদিন জেল হেফাজতে থাকার পর সম্প্রতি জামিনে ছাড়া পায় সে। মায়ের মৃত্যুর পর থেকেই সায়নী তার মামারবাড়িতে আশ্রয় নিয়েছিল। পরিবারের অভিযোগ, জেল থেকে বেরিয়েই সমীর মেয়ের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা শুরু করে। পুলিশের পরামর্শ অনুযায়ী সায়নীর মোবাইল সিম কার্ড বদলে ফেলা হলেও সমীর কোনওভাবে নতুন নম্বরটি জোগাড় করে ফেলে বলে দাবি পরিবারের।
শনিবার বিকেলে বাড়িতে একাই ছিল সায়নী। সন্ধ্যায় পরিবারের সদস্যরা ফিরে এসে দেখেন, নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে সে। সায়নীর দাদু প্রথম এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এটি আত্মহত্যা নাকি নেপথ্যে বাবার কোনও ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখতে কিশোরীর ফোনের কল ডিটেলস ও মেসেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।







