মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকারি স্কুলের পাঠ্যবইয়ে জায়গা পেলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ও তাঁর অবদানের কথা। জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র ইতিহাস বইতে নয়, বরং সমস্ত বিষয়ের পাঠ্যবইয়ের শুরুতেই তাঁর জীবনী ও অবদান থাকবে। বন্দে মাতরম্-এর ঠিক পরের পৃষ্ঠাতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ও তাঁর সম্পর্কে লেখা থাকবে।
শিক্ষা দপ্তরের একটি সূত্র জানিয়েছে, ইংরেজি বইতে যেহেতু তাঁর ছবি ও জীবনী রয়েছে, তাই বাংলা, ভূগোল এবং বিজ্ঞানের মতো সব বইতেই এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যে আগামী শিক্ষাবর্ষের বই ছাপার কাজ শেষ হয়েছে এবং অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের মলাটের রং গেরুয়া করা হয়েছে। তবে সিলেবাস কমিটি সূত্রে খবর, প্রাথমিক স্তরের বইয়ে আপাতত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা থাকবে না।
এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, ইতিহাসের পাঠ্যক্রমে তাঁর অবদান থাকা স্বাভাবিক, কিন্তু সব বিষয়ের বইয়ের শুরুতেই তাঁর ছবি ও পরিচিতি রাখার প্রয়োজনীয়তা নিয়ে তাঁরা সন্দিহান।
উল্লেখ্য, 'ভারত কেশরী' ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সরকারের তৈরি বিশেষ কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়—সর্বস্তরেই তাঁর আত্মবলিদান ও জীবনী পড়ানো হবে এবং এই বিষয়ে আলাদা বই প্রকাশ করবে রাজ্য সরকার।







