থানার খাতায় কর্মরত হিসেবে নাম নথিভুক্ত রেখে আসলে ডিউটি ফাঁকি দিয়ে একটি ফার্মহাউসে জন্মদিনের পার্টিতে মেতে ওঠার অভিযোগ উঠল তেলেঙ্গানার একদল পুলিশকর্মীর বিরুদ্ধে। তেলেঙ্গানার মানচেরিয়াল জেলার বালামপল্লি ওয়ান টাউন থানার এই পুলিশকর্মীদের পার্টির কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নজর কেড়েছে প্রশাসনের, যার পর পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি ফার্মহাউসে আয়োজিত ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন পুলিশকর্মী মদ্যপান করে গোল হয়ে নাচ করছেন। পরবর্তীতে সুইমিং পুলে মহিলাদের সঙ্গেও তাঁদের নাচতে দেখা যায়। সূত্র অনুযায়ী, ওই পার্টিতে একাধিক মহিলা পুলিশকর্মীও উপস্থিত ছিলেন। ডিউটিতে থাকার কথা রেকর্ড করা সত্ত্বেও কীভাবে তাঁরা দায়িত্ব ছেড়ে এই ব্যক্তিগত অনুষ্ঠানে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই তেলেঙ্গানার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন। উক্ত অনুষ্ঠানে ঠিক কারা উপস্থিত ছিলেন, সেখানে যাওয়ার জন্য কর্তৃপক্ষের অনুমতি ছিল কি না এবং কারা ছুটি না নিয়ে ডিউটি ফাঁকি দিয়েছেন—সবই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম লঙ্ঘনকারী আধিকারিক ও কর্মীদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।







