টলিপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক টেকনিশিয়ানের। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার জোকা নারায়ণী স্টুডিওতে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটি রিয়্যালিটি শো-এর শেড তৈরির কাজ চলছিল, সেই সময়েই এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, চন্দ্রকান্ত নামের ওই টেকনিশিয়ান একটি ফ্লেক্স লাগানোর কাজ করছিলেন। সিঁড়ি ব্যবহার করে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ২০ ফুট উপর থেকে নিচে পড়ে যান। দ্রুত তাঁকে জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায় এবং সেটের সমস্ত কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, চন্দ্রকান্তর পরিবারের পাশে থেকে সবরকম সাহায্য করা হবে। পাশাপাশি, যথাযথ সুরক্ষা নিশ্চিত করার পরেই পুনরায় কাজ শুরু হবে।







