রাজ্যে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মূল স্রোতের জীবন-জীবিকার সঙ্গে যুক্ত করতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার বাড়ি বাড়ি গিয়ে বকেয়া পুরকর আদায়ের কাজে নিয়োগ করা হবে বৃহন্নলাদের। বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে 'বৃহন্নলা ব্রিগেড'।
প্রকল্পের প্রথম পর্যায়ে কলকাতা, হাওড়া এবং বিধাননগর কর্পোরেশনে বিশেষ প্রশিক্ষণের পর সরকারি কর্মী হিসেবে দায়িত্ব পাবেন রূপান্তরকামীরা। পরবর্তীতে রাজ্যের অন্যান্য পুরসভাতেও ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্প্রসারিত করা হবে। এর আগে ওড়িশা ও তামিলনাড়ু সরকার বাস কন্ডাক্টর হিসেবে তৃতীয় লিঙ্গের কর্মীদের নিয়োগ করেছিল। পশ্চিমবঙ্গে এতদিন এই বিষয়টি 'সামাজিক সুরক্ষা' বিভাগের অধীনে থাকলেও, এবার তা নগরোন্নয়ন দপ্তরের মাধ্যমে বিশেষ প্রকল্প হিসেবে কার্যকর হবে।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অনেক উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও জীবন-জীবিকার সংকটে তৃতীয় লিঙ্গের মানুষরা ট্রাফিক সিগন্যালে সাহায্য চাইতে বাধ্য হন, যা অত্যন্ত বেদনাদায়ক। তাই তাঁদের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে নিয়োগটি স্থায়ী হবে নাকি চুক্তিভিত্তিক, তা এখনও চূড়ান্ত হয়নি।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যে নথিভুক্ত তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ছিল ৩০,৩৪৯ জন, যার মধ্যে তফসিলি জাতি ৬,৪৭৪ জন এবং তফসিলি উপজাতি ১,৪৭৪ জন ছিলেন। সমাজকল্যাণ দপ্তরের মতে, বর্তমানে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। রূপান্তরকামীদের অভিযোগ, আগে বোর্ড গঠন হলেও সরকারি স্তরে জীবন-জীবিকার জন্য বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকারের এই উদ্যোগকে ব্যতিক্রমী বলে মনে করা হচ্ছে।







