উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে এক অদ্ভুত কাণ্ড ঘটল। বারাণসী-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) যাত্রা করা আত্মীয়দের নির্দিষ্ট আসনে বসিয়ে দিতে ট্রেনের কামরায় উঠেছিলেন পরিবারের ১২ জন সদস্য। কিন্তু তাঁদের পরিকল্পনা ভেস্তে যায় যখন ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। ফলে প্ল্যাটফর্মে নামার সুযোগ না পেয়ে তাঁরাই ট্রেনের ভেতরে আটকে পড়েন এবং প্রায় ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করেন।
ট্রেনের ভেতরে মহিলা ও শিশুসহ ওই ১২ জনের উপস্থিতির কথা জানতে পারেন অন্যান্য যাত্রীরা এবং রেল কর্মীরা। নিরাপত্তার কারণে মাঝপথে দরজা খোলা সম্ভব হয়নি। এরপর টুন্ডলা স্টেশনের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা হয় এবং নির্দেশ অনুযায়ী রবিবার সকাল ১০টা ৪৯ মিনিটে এটাওয়া স্টেশনে ট্রেনটি থামানো হয়। সেখান থেকে RPF এবং GRP-র সহায়তায় তাঁদের নামানো হয়।
এটাওয়া জাংশনের স্টেশন সুপার পিএম মীনা, RPF অফিসার দীনেশ কুমার সিংহ এবং GRP ইনস্পেক্টর যদুবীর যাদব তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। বৈধ টিকিট ছাড়াই ট্রেনের ভেতরে প্রবেশের কারণে রেলের নিয়ম ভঙ্গের দায়ে তাঁদের জরিমানা করা হয়। মাথাপিছু ৩,০০০ টাকা হিসেবে ওই ১২ জনকে মোট ৩৬,০০০ টাকা জরিমানা দিতে হয়। সতর্ক করার পর শেষ পর্যন্ত তাঁদের ছেড়ে দেওয়া হয়।







