শিলিগুড়ি মহকুমায় পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের (PBAS) প্রশাসনিক রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মোট ১১,৫৬২ জন উপভোক্তার মধ্যে ৫০০০ জন এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি। এর মধ্যে ৩০০০-এর বেশি উপভোক্তা লিন্টেল পর্যন্ত গৃহ নির্মাণ শেষ করলেও অর্থ পাননি।
শিলিগুড়ি মহকুমা পরিষদ মঙ্গলবার জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট অনুযায়ী, প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ১১,৩৮২ জন, যাদের মধ্যে ৮,৪৪৯ জন লিন্টেল পর্যন্ত নির্মাণ করেছেন। তবে এদের মধ্যে ৩,৩০০ জন এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি। এর মধ্যে ফাঁসিদেওয়া ব্লকে সর্বাধিক ১,৫৩৪ জন, খড়িবাড়িতে ১,০২১ জন, নকশালবাড়িতে ৬৮০ জন এবং মাটিগাড়ায় ৬৫ জন উপভোক্তা লিন্টেল পর্যন্ত নির্মাণ করেও অর্থ পাননি। এছাড়া আরও ১,৭০২ জন উপভোক্তা এখনও লিন্টেল পর্যন্ত নির্মাণ করতে পারেননি, ফলে তাঁরাও দ্বিতীয় কিস্তির টাকা পাননি।
এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং তৃণমূল কংগ্রেসের প্রিয়াঙ্কা বিশ্বাস। তাঁর অভিযোগ, বিজেপি সরকার প্রতিশ্রুতি রক্ষা না করায় গরিব মানুষের গৃহ নির্মাণ কাজ থমকে গিয়েছে। পাশাপাশি প্রশাসনের নজরদারির অভাবের কারণে অনেক বাড়ির কাজে গতি আসেনি বলেও তিনি দাবি করেন।
পাল্টা জবাবে মহকুমা পরিষদের বিরোধী দলনেতা এবং বিজেপির অজয় ওরাওঁ জানান, নিয়ম মেনে যারা নির্মাণ কাজ করছেন, তাঁরা অবশ্যই অর্থ পাবেন। তাঁর দাবি, রাজনৈতিক জমি হারিয়ে তৃণমূল কংগ্রেস অহেতুক এই বিষয়ে বিতর্ক সৃষ্টি করছে। অন্যদিকে, প্রশাসনিক আধিকারিকদের মতে, PBAS-এর কাজ সন্তোষজনক গতিতে চলছে এবং যারা লিন্টেল পর্যন্ত নির্মাণ শেষ করেছেন, তাঁরা পর্যায়ক্রমে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন।







