যুবসাথী কর্মসূচির পরিবর্তে পশ্চিমবঙ্গ সরকার চালু করছে নতুন প্রকল্প 'ভরসা' স্কিম। আগামী জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। নির্বাচনী সংকল্প পত্রে বেকার যুবক-যুবতীদের ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, সোমবার ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে রাজ্যের অর্থনৈতিক বোঝা থাকায় আপাতত ভাতার পরিমাণ কমানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবর্ষ অর্থাৎ ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত স্নাতক পাশ বেকাররা প্রতি মাসে ২ হাজার টাকা পাবেন এবং যারা স্নাতক পাশ করেননি তারা পাবেন ১ হাজার ৫০০ টাকা। তবে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে এই পরিমাণ পুনরায় বাড়িয়ে যথাক্রমে ৩ হাজার এবং ২ হাজার টাকা করা হবে। এই প্রকল্পের আওতায় ITI ডিপ্লোমাধারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাক্তন সরকারের আমলে সুবিধা পাওয়া ৫৪ লক্ষ বেকার যুবক-যুবতীর মধ্যে প্রথম ধাপে টাকা দেওয়া হবে। তবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া ২ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন এবং দশম শ্রেণির নিচে পড়া ১ লক্ষ ১৬ হাজার ৬২৫ জন এই তালিকা থেকে বাদ পড়বেন। এছাড়া বয়স বা নথিতে গরমিল থাকলে আবেদনকারীদের নাম বাদ দেওয়া হবে। প্রতিটি পরিবার থেকে সর্বোচ্চ ২ জন এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
নতুন আবেদনকারীদের জন্য 'আপনার সরকার আপনার পাশে'-এর মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। আগামী জানুয়ারি মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে জানানো হয়েছে।







