রাজ্যের প্রাথমিক স্তরের শিক্ষা পরিকাঠামো সম্প্রসারণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি চালু করা হবে। শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, ২০০৯-এর নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কুল শিক্ষা দপ্তরের প্রাথমিক শিক্ষা শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন এই ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে কার্যকর হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।







